তালিকা (Array)#
বিভিন্ন ধরনের রাশিকে একসাথে সাজিয়ে রাখার একটি সহজ উপায় হল, তালিকা। তালিকা অন্যান্য প্রোগ্রামিং ভাষাতে বিভিন্ন নামে পরিচিত যেমন, Array, List, Vector, Table. একটি তালিকাতে সব ধরনের রাশি রাখা যেমন, সংখ্যা, লেখা, ছক, অন্য তালিকা এবং কাজ। চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাকঃ
ধরি আমার_তালিকা = [১, ২, ,৩, "পঙক্তি"]
তালিকাতে শুধু সংখ্যা বা লেখা ছাড়াও অন্য তালিকাও রাখা যায়
ধরি প্রথম_তালিকা = [১, ২, ৩]
ধরি দ্বিতীয়_তালিকা = [প্রথম_তালিকা, ৪, ৫, ৬]
ধরি তৃতীয়_তালিকা = [দ্বিতীয়_তালিকা, ৭, ৮, ৯, ১০, প্রথম_তালিকা]
চলো দেখি প্রতিটা তালিকা আসলে কেমন দেখতে
দেখাও(প্রথম_তালিকা)
দেখাও(দ্বিতীয়_তালিকা)
দেখাও(তৃতীয়_তালিকা)
এটা চালালে কিছুটা এমনি ফলাফল দেখতে পাবে
[1, 2, 3]
[[1, 2, 3], 4, 5, 6]
[[[1, 2, 3], 4, 5, 6], 7, 8, 9, 10, [1, 2, 3]]
ধরো তোমার একটি বাজারের ফর্দ আছে
ধরি বাজারের_তালিকা = ["আলু", "বেগুন", "গাজর"]
ধরো এবার তোমার জানা দরকার যে তোমার তালিকার দ্বিতীয় স্থানে কোন জিনিসটা আছে, সেটা কিভাবে করবে? এটা করার জন্য তুমি করতে পারো-
দেখাও(বাজারের_তালিকা[১])
এটা চালালে দেখাবে
বেগুন
অর্থাৎ তালিকার নামের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে সূচক লিখে তালিকার ভেতরের মান জানতে পারি। অর্থাৎ যা হয়ে দাঁড়ায়
তালিকা[সূচক]
এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আগের বাজারের ফর্দ উদাহরণে আমরা তো সূচক ১ লিখেছি তাহলে দ্বিতীয় জিনিসটা কেন দেখাচ্ছে?
আসলে পঙক্তি সহ বেশিরভাগ প্রোগ্রামিং ভাষাতে সূচক ০ থেকে শুরু হয়। অর্থাৎ প্রথম রাশির সূচক ০, দ্বিতীয় রাশির সূচক ১, তৃতীয় রাশির সূচক ২…
বাজারের_তালিকা[০] এর মান আলু, যা হল প্রথম রাশি, অর্থাৎ এর সূচক ০, বাজারের_তালিকা[১] এর মান বেগুন। এই সূচকীয় মান গুলি অন্য যেকোনো চল রাশির মতই ব্যবহার করা যায়, যেমন ধরো
ধরি সংখ্যাগুলি = [১০, ২০, ৩০, ৪০]
ধরি যোগফল = সংখ্যাগুলি[১] + সংখ্যাগুলি[২]
দেখাও(যোগফল)
এটি চালালে দেখবে ফলাফল দেখাচ্ছে ৫০। কারণ সংখ্যাগুলি তালিকার দ্বিতীয় (সূচক=১) এবং তৃতীয় (সূচক=২) এর মান হল যথাক্রমে ২০ এবং ৩০, ফলে ২০ + ৩০ = ৫০
সাধারণ কাজ#
পঙক্তিতে কয়েকটি সাধারণ কাজ আছে যেগুলো তোমাকে তালিকার সাথে কাজ করার জন্য সাহায্য করবে। যেমনঃ
সংযোগ()#
এই সাধারণ কাজটি, তালিকা এবং ছক উভয়ের সাথে কাজ করে, ছক নিয়ে ছক অধ্যায়ে আলোচনা করবো, এখন তালিকাতেই থাকি। ধরো তুমি একটি তালিকা তৈরি করলে -
ধরি বাজারের_তালিকা = ["আলু", "বেগুন", "গাজর"]
কিন্তু হঠাৎ তোমার মনে পড়ল, তুমি আরেকটা সবজি লিখতে ভুলে গেছো, এখন তুমি মনে করতে পারো নতুন একটা তালিকা তৈরি করলেই হবে? কিন্তু তুমি কি কখনো একটা দুটো জিনিস ভুলে গেলে, তোমার ফর্দের কাগজ ছিঁড়ে ফেলে, নতুন করে প্রথম থেকে তালিকা তৈরি করো? একই ভাবে আমরা ওই বাজারের তালিকাতে নতুন জিনিস যোগ করতে পারবো, সংযোগ() দ্বারা -
সংযোগ(বাজারের_তালিকা, "বাঁধাকপি" )
এবার যদি তুমি এই চল রাশিটা দেখানোর চেষ্টা করো
দেখাও(বাজারের_তালিকা)
দেখবে কিছুটা এইরকম দেখাবে
[আলু, বেগুন, গাজর, বাঁধাকপি]
দেখো কত সহজেই আমারা নতুন জিনিস তালিকাতে যুক্ত করতে পারি।
আয়তন()#
এবার ধরো তুমি জানতে চাও, তোমার তালিকাতে কতগুলি জিনিস আছে, তার জন্য তুমি এই কাজটি ব্যবহার করতে পারবে -
ধরি কয়টি_জিনিস = আয়তন(বাজারের_তালিকা)
দেখাও(কয়টি_জিনিস)
এটি চালালে দেখাবে
4